বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতির পরামর্শ প্রকাশ করা হচ্ছে। আজ তৃতীয় পর্বে থাকছে তামাদি আইন ১৯০৮ বিষয়ে প্রস্তুতির পরামর্শ। পরামর্শ দিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সাতটি বিষয়ের মধ্যে সবচেয়ে ছোট তামাদি আইন ১৯০৮। লিখিত পরীক্ষায় এ আইন থেকে দুটি প্রশ্ন আসে। উত্তর করতে হবে একটি। প্রশ্নের মান ১৫। গুরুত্বপূর্ণ বিষয় তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলা-মোকদ্দমায় এই আইনের প্রয়োগ রয়েছে। এই আইনে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা, আপিল রিভিশন ইত্যাদির ক্ষেত্রে তামাদির মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া আছে। তাই তামাদি আইনকে শান্তির আইন বা সংঘাত অবসানের আইন বলা হয়। তামাদি আইন থেকে সরল বাক্যে প্রশ্নের সঙ্গে সমস্যামূলক প্রশ্ন কিংবা রচনামূলক প্রশ্ন আসতে পারে। ফলে পরীক্ষার্থীরা ভালো নম্বর পেতে চাইলে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ও নির্দিষ্টসংখ্যক অনুচ্ছেদ ভালো করে পড়তে হবে। যেমন ৩, ৫, ৬, ৭, ৮, ৯, ১২, ১৪, ১৯, ২৬, ২৮, ২৯ ধারা পড়লেই হবে। ধারাগুলো পড়ার সময় অবশ্যই মূল আইন সামনে রাখতে হবে। মূল আইনের প্রতিটি ধারার শিরোনাম, ধারার মূল বক্তব্য ও ব্যাখ্যা পড়তে হবে। বিগত কয়েক বছর তামাদি আইন থেকে ৫, ৬-৯ ও ১২ ধারা থেকে সমস্যামূলক প্রশ্ন এসেছে। ফলে বিগত বছরের প্রশ্ন ও প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়তে হবে। এ ছাড়া পর্যাপ্ত কারণ বলতে কী বোঝায়, বিলম্ব মওকুফের নীতি ব্যাখ্যা করুন, কোন কোন ক্ষেত্রে তামাদি মওকুফের সুযোগ রয়েছে, তামাদির বিরুদ্ধে প্রতারণার অজুহাত উত্থাপন করা যায় কি না, বিশেষ আইনে তামাদি আইন প্রয়োগ হবে কি না? আইনগত অক্ষমতা বলতে কী বোঝায়, তঞ্চকতা কী, মামলা করার অধিকার লাভের আগে মৃত্যুর ফলাফল ও দখলবলে মালিকানা স্বত্ব অর্জন কীভাবে হয়—প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এসব প্রশ্নের উত্তর জেনে যাবেন। তামাদি আইনের অনুচ্ছেদ অংশ থেকে ৯১, ৯২, ১০৩, ১১৩, ১১৪, ১২০, ১৪২, ১৫০, ১৫৭, ১৬৯, ১৮২ পড়তে হবে। সাধারণত এসব অনুচ্ছেদ থেকেই প্রশ্ন বেশি আসে। যেভাবে অনুশীলন করবেন অনুশীলন করার সবচেয়ে ভালো পন্থা হলো বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করা। যত বেশি বিগত বছরের প্রশ্ন সমাধান করা হবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। এই কৌশল যেসব পরীক্ষার্থী বিগত দিনে অনুসরণ করেছেন, তাঁদের কৃতকার্য হওয়ার হার বেশি। তামাদি আইন ছোট হওয়ায় প্রশ্নপত্রে বেশ কিছু কৌশলী পন্থা অবলম্বন করা হয়। যেমন...